Advertisement

আপনার বিজ্ঞাপনটি দিতে ইমেইল করুন - worldhindutimesbd@gmail.com

শিরোনাম

$results={6} $label={recent}

শপথের দিনেই কাজে নামলেন এমপি সৈয়দ ফয়সল, হাতিমারা চা বাগানের নাট মন্দির সংস্কার শুরু

নিজস্ব প্রতিবেদক,

হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য সৈয়দ মো. ফয়সল শপথ গ্রহণের দিন থেকেই নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছেন। অবহেলিত চা শ্রমিকদের দাবি অনুযায়ী হাতিমারা চা বাগানের দীর্ঘদিনের জরাজীর্ণ নাট মন্দির সংস্কারের মাধ্যমে তাঁর কার্যক্রমের সূচনা হয়েছে।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) এমপি হিসেবে শপথ নেওয়ার দিনই নাট মন্দিরের সংস্কার কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়। এ উদ্যোগে চা বাগান এলাকায় আনন্দের সঞ্চার হয়েছে শ্রমিকদের মাঝে।

হাতিমারা চা বাগানের বাসিন্দা শেফালি মুন্ডা বলেন, “আমাদের জীবন অনেক কষ্টের। সারাবছরই অভাব লেগে থাকে। এই অবস্থায় মন্দির সংস্কার আমাদের জন্য বড় স্বস্তির খবর। এমপি শপথের দিনই কাজ শুরু করায় আমরা আশাবাদী।”

চা শ্রমিক নেতারা জানান, এমপি সৈয়দ ফয়সলের ছেলে সৈয়দ শাফকাত আহমেদের উদ্যোগে নাট মন্দির সংস্কারের কাজ শুরু হয়েছে। নির্বাচনের আগে তিনি ২৮টি চা বাগানসহ মাধবপুর ও চুনারুঘাট উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে সাধারণ মানুষের জীবনযাত্রা পর্যবেক্ষণ করেন এবং উন্নয়নের প্রতিশ্রুতি দেন।

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে হবিগঞ্জ-৪ আসন থেকে বিজয়ী হন সৈয়দ মো. ফয়সল। নির্বাচনের পরপরই প্রতিশ্রুতি বাস্তবায়নের উদ্যোগ নেওয়ায় ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে স্থানীয়দের মধ্যে।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে অবহেলিত অবস্থায় পড়ে থাকা নাট মন্দিরটি সংস্কার হলে ধর্মীয় ও সামাজিক কার্যক্রম নতুন গতি পাবে।

বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নিপেন পাল বলেন, “এই নির্বাচনে চা বাগানের মানুষ সৈয়দ ফয়সলকে উজাড় করে সমর্থন দিয়েছে। তিনি প্রথম দিনেই কাজ শুরু করে সেই আস্থার প্রতিফলন দেখিয়েছেন।”

এর আগে চন্ডিছড়া চা বাগানে শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস বিতরণ করা হয়। ধারাবাহিকভাবে উন্নয়ন কার্যক্রম শুরু হওয়ায় আশার আলো দেখছেন চা শ্রমিকরা।

এ বিষয়ে সৈয়দ শাফকাত আহমেদ বলেন, “আমরা কথায় নয়, কাজে বিশ্বাসী। মাধবপুর-চুনারুঘাটের প্রতিটি এলাকায় সুযোগ পেলেই কাজ করব। নির্বাচিত এমপি সৈয়দ মো. ফয়সল সততার সঙ্গে দায়িত্ব পালনে প্রতিশ্রুতিবদ্ধ।”

স্থানীয়দের প্রত্যাশা, এই উদ্যোগের মাধ্যমে দীর্ঘদিনের অবহেলা কাটিয়ে উন্নয়নের ধারায় যুক্ত হবে চা বাগান এলাকা।

কোন মন্তব্য নেই:

অননুমোদিতভাবে কোনও বিষয়বস্তু অনুলিপি করা বা ব্যবহার করা কঠোরভাবে নিষিদ্ধ World Hindu Times All Rights Reserved |

World Hindu Times LTD

নাম

ইমেল *

বার্তা *

Blogger দ্বারা পরিচালিত.