Advertisement

আপনার বিজ্ঞাপনটি দিতে ইমেইল করুন - worldhindutimesbd@gmail.com

শিরোনাম

$results={6} $label={recent}

মতুয়া মন্দিরের প্রধান বিগ্রহ কী?

 

ড. কুশল বরণ চক্রবর্ত্তী,

শ্রীহরিচাঁদ ও শ্রীগুরুচাঁদ ঠাকুরের সময় থেকেই শ্রীলক্ষ্মীনারায়ণ হলেন গোপালগঞ্জের ওড়াকান্দি ঠাকুবাড়ির মন্দিরের প্রধান উপাস্য বিগ্রহ। মতুয়াদের প্রধান উপাস্য বিগ্রহ প্রসঙ্গে অন্তখণ্ডে একটি ঘটনা বর্ণিত হয়েছে। শ্রীগুরুচাঁদ ঠাকুর দিব্যদৃষ্টিতে দেখতে পান, পিতা শ্রীহরিচাঁদ ঠাকুরকে ঘিরে মেলা হচ্ছে, কীর্তন হচ্ছে। তিনি আরও দেখতে পেলেন এক দিব্য শ্রীহরি মন্দির। সেই শ্রীমন্দিরে পূজিত হচ্ছেন ক্ষীরোদশায়ী ভগবান শ্রীহরি। পাশে আরও অনেক দেববিগ্রহাদি শোভা পাচ্ছে। সেই মন্দির এবং ক্ষীরোদশায়ী ভগবান শ্রীহরির বিগ্রহের দিকে তাকালে চিত্ত এমনিতে শান্ত হয়ে যায়।

"গুরুচাঁদ স্থির চিত্তে করে দরশন।

 অপরূপ মেলা হেরি সবিস্মিত মন ॥ 

মেলা হেরি মনে মনে করেছে চিন্তন। 

এ মেলা করে পিতা কি জানি কি কারণ॥

 তার মাঝে হেরে যেন শ্রীহরি মন্দির। 

নেহারিয়া সেই সব চিত্ত হয় স্থির ॥ 

ক্ষীরোদ শায়ীর মূর্ত্তি শ্রীমন্দির মাঝে।

 আরো কত মুর্ত্তিশোভে অপরূপ সাঝে।" (শ্রীহরিলীলামৃত: অন্তখণ্ড, ০৫, পৃ. ২১৪)

ওড়াকান্দি ঠাকুর বাড়িতে মূল মন্দিরে পূজিত ক্ষীরোদশায়ী লক্ষ্মীনারায়ণ বিগ্রহটি পিতলের তৈরি। এ ক্ষীরোদশায়ী লক্ষ্মীনারায়ণ বিগ্রহের দক্ষিণ পাশেই পূজিত নিমকাঠের শ্রীরাধাকৃষ্ণ বিগ্রহ এবং সে বিগ্রহের পাশেই রয়েছে নিমকাঠের জগন্নাথ, সুভদ্রা এবং বলরামের ত্রিবিগ্রহ। পার্শ্ব বিগ্রহ হিসেবে আছেন ভগবান শ্রীহরির বাহন গরুড়সহ বিবিধ বিগ্রহ। ক্ষীরোদশায়ী লক্ষ্মীনারায়ন বিগ্রহের নিচেই রয়েছে শ্রীহরিচাঁদ ঠাকুর ও শ্রীশান্তিমাতার বিগ্রহ। ওড়াকান্দি শ্রীহরি মন্দিরের ক্ষীরোদশায়ী বিগ্রহ প্রসঙ্গে 'শ্রীশ্রীহরিগুরুচাঁদ চরিত্র সুধা' গ্রন্থে শ্রীবিচরণ পাগল বলেন:

"শুন শুন ভক্তগণ অপূর্ব কথন।

 শ্রীধামে হরিমন্দির হইল স্থাপন ॥

 ক্ষীরোদ বিহারীমূর্ত্তি অনন্ত শয্যায়।

 ধবল বরণ রূপ অতি শোভাময়।।

ঝলমল করে রূপ অতি মনোহর। 

যে গড়েছে এই মূর্ত্তি ধন্য সেই নর ॥"

 (শ্রীশ্রীহরিগুরুচাঁদ চরিত্র সুধা: পৃ.৩২১)

শ্রীতারকচন্দ্র সরকারের মৃত্যু পরবর্তীতে শ্রীহরিলীলামৃত গ্রন্থটি সম্পাদনা করেন শ্রীহরিবর সরকার। তিনিই শ্রীহরিচাঁদ ঠাকুরের অসংখ্য বাণী থেকে দ্বাদশ বাণী 'দ্বাদশ-আজ্ঞা' নামে সংকলিত করেন। সে দ্বাদশ আজ্ঞা গ্রন্থে তিনি শ্রীহরিচাঁদ ঠাকুরের দশম আজ্ঞা, অর্থাৎ "শ্রীশ্রী হরি মন্দির প্রতিষ্ঠা কর"-এ আজ্ঞার প্রসঙ্গে বলছেন, সকল মতুয়া মন্দিরকে শ্রীধাম ওরাকান্দি মন্দিরের অনুরূপ করে তৈরি করতে। অর্থাৎ মন্দিরের মূল বেদিতে ক্ষীরোদশায়ী লক্ষ্মীনারায়ণ বিগ্রহ প্রতিষ্ঠিত করতে হবে।


কোন মন্তব্য নেই:

অননুমোদিতভাবে কোনও বিষয়বস্তু অনুলিপি করা বা ব্যবহার করা কঠোরভাবে নিষিদ্ধ World Hindu Times All Rights Reserved |

World Hindu Times LTD

নাম

ইমেল *

বার্তা *

Blogger দ্বারা পরিচালিত.