থাইল্যান্ডে শিশুর চালানো পিকআপ ট্রাকের চাপায় ৮ বৌদ্ধ ভিক্ষু নিহত
স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে জানা যায়, বৃহস্পতিবার (২ জুলাই) সকালে মুকদাহান প্রদেশের না সি নুয়ান গ্রামের হুয়াই সিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার সময় একদল বৌদ্ধ ভিক্ষু পায়ে হেঁটে তীর্থযাত্রা করছিলেন।
পুলিশ জানিয়েছে, একটি ইসুজু পিকআপ ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ভিক্ষুদের দলের ওপর উঠে যায়। এতে ঘটনাস্থলেই পাঁচজন ভিক্ষুর মৃত্যু হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও তিনজন মারা যান।
প্রাথমিক তদন্তে জানা গেছে, ট্রাকটি চালাচ্ছিল ১১ বছর বয়সী এক শিশু। পরিবারের কাউকে না জানিয়ে সে গাড়িটি নিয়ে বের হয়েছিল বলে অভিযোগ রয়েছে। দুর্ঘটনার পর তাকে জিজ্ঞাসাবাদের জন্য স্থানীয় পুলিশ স্টেশনে নেওয়া হয়েছে।
কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, আহত ১৮ জনের মধ্যে ১৩ জনের অবস্থা গুরুতর। তাদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
পুলিশ আরও জানায়, দুর্ঘটনার আগে ৩৪ জন ভিক্ষুর দলটি ওয়াত রই প্রা পুত্তাবাত ফু মানোরোম মন্দির এলাকায় সকালের খাবার গ্রহণ করেন। পরে তারা মুকদাহানের দন তান জেলার উদ্দেশে পুনরায় তীর্থযাত্রা শুরু করেন। পথে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
ঘটনার কারণ ও দায় নির্ধারণে তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে থাই পুলিশ।


কোন মন্তব্য নেই: