চিন্ময় প্রভু ইস্যুতে ইসকনের ভূমিকা নিয়ে প্রশ্ন, রথযাত্রায় অংশ নেবে না BSP চট্টগ্রাম
চট্টগ্রাম প্রতিনিধি: চিন্ময় প্রভুর মুক্তি ইস্যু এবং বিভিন্ন সনাতনী ব্যক্তিকে ‘ইসকন’ ট্যাগ ব্যবহার করে গ্রেফতার ও হয়রানির অভিযোগে ইসকন বাংলাদেশের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে বাংলাদেশ সনাতন পার্টি (BSP) চট্টগ্রাম জেলা কমিটি।
সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে ইসকন বাংলাদেশের পক্ষ থেকে দৃশ্যমান কোনো উদ্যোগ বা আনুষ্ঠানিক অবস্থান না নেওয়ায় তারা হতাশ। একই সঙ্গে বিভিন্ন সময়ে সনাতন সম্প্রদায়ের সদস্যদের বিরুদ্ধে ‘ইসকন’ সংশ্লিষ্টতার অভিযোগ তুলে গ্রেফতার ও হয়রানির ঘটনাগুলোতেও ইসকন বাংলাদেশের পক্ষ থেকে কোনো প্রকাশ্য বিবৃতি না আসায় উদ্বেগ প্রকাশ করেছে দলটি।
এই প্রেক্ষাপটে, গতবারের মতো এবারও চট্টগ্রামের প্রবর্তক এলাকায় আয়োজিত ইসকন বাংলাদেশের রথযাত্রা কর্মসূচিতে সাংগঠনিকভাবে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সনাতন পার্টি (BSP) চট্টগ্রাম জেলা কমিটি।
সংগঠনের নেতারা মনে করেন, সংশ্লিষ্ট বিভিন্ন ইস্যুতে সনাতন সমাজের উদ্বেগ ও প্রত্যাশার বিষয়ে ইসকন বাংলাদেশের আরও সক্রিয় ও স্পষ্ট অবস্থান প্রয়োজন। তবে এ বিষয়ে ইসকন বাংলাদেশের আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
উল্লেখ্য, রথযাত্রা সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। প্রতিবছর দেশজুড়ে বিভিন্ন সংগঠন ও মন্দিরের উদ্যোগে এ উপলক্ষে শোভাযাত্রা ও ধর্মীয় কর্মসূচির আয়োজন করা হয়।


কোন মন্তব্য নেই: