"বন্যার পানিতে ভেসে আসছে সাপ, চট্টগ্রামে কামড়ের শিকার ৮৫ জন"
চট্টগ্রাম: চলমান বন্যার কারণে চট্টগ্রামের বিভিন্ন উপজেলায় সাপের উপদ্রব আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে। এর ফলে আশ্রয়কেন্দ্র ও বসতবাড়িতে সাপে কাটার ঘটনাও বেড়েছে। এখন পর্যন্ত বন্যাকবলিত এলাকায় সাপে কাটার চিকিৎসা নিয়েছেন প্রায় ৮৫ জন।
চট্টগ্রামের জেলা সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করে জানান, আক্রান্তদের মধ্যে তিনজনকে বিষধর সাপ কামড় দেওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে বাকি সবাই প্রাথমিক চিকিৎসা গ্রহণের পর সুস্থ অবস্থায় বাড়ি ফিরে গেছেন এবং তারা বর্তমানে শঙ্কামুক্ত রয়েছেন।
সিভিল সার্জন বলেন, “বন্যাদুর্গত এলাকায় সাপের উপদ্রব বেড়েছে। ফলে আশ্রয়কেন্দ্র ও বসতবাড়িতে সাপে কাটার ঘটনাও বৃদ্ধি পেয়েছে। এখন পর্যন্ত ৮৫ জন আক্রান্ত ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে। এদের মধ্যে তিনজনকে বিষধর সাপ কেটেছে এবং বাকিদের কেটেছে বিষহীন সাপ।”
স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, বন্যাকবলিত এলাকায় সম্ভাব্য জরুরি পরিস্থিতি মোকাবিলায় পর্যাপ্ত অ্যান্টিভেনম মজুত রাখা হয়েছে। পাশাপাশি সাপে কাটার ঘটনা ঘটলে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
এদিকে সিভিল সার্জন কার্যালয় বন্যাদুর্গত এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে। বিশেষ করে রাতে চলাফেরা, পানিতে নামা এবং আশ্রয়কেন্দ্র বা ঘরের আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।



কোন মন্তব্য নেই: