Advertisement

আপনার বিজ্ঞাপনটি দিতে ইমেইল করুন - worldhindutimesbd@gmail.com

শিরোনাম

$results={6} $label={recent}

কারাগারেই শেষ নিঃশ্বাস সাবেক মন্ত্রী রমেশ চন্দ্র সেনের।


নিজস্ব প্রতিবেদক,
জাতীয় ডেস্ক


দিনাজপুর জেলা কারাগারে অসুস্থ হয়ে মারা গেছেন সাবেক পানিসম্পদ মন্ত্রী ও ঠাকুরগাঁও-১ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর।

শনিবার (৭ ফেব্রুয়ারি) সকাল ৯টা ২৯ মিনিটে দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এর আগে সকাল ৯টা ১০ মিনিটে গুরুতর অসুস্থ অবস্থায় তাকে জেলা কারাগার থেকে হাসপাতালে নেওয়া হয়।

কারা কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, শনিবার সকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে কারাগারের ভেতরে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। অবস্থার অবনতি হলে দ্রুত তাকে দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে চিকিৎসকরা তাকে বাঁচাতে পারেননি।

দিনাজপুর জেলা কারাগারের জেলার ফরহাদ সরকার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, রমেশ চন্দ্র সেন দীর্ঘদিন ধরে হৃদরোগ, মস্তিষ্কজনিত সমস্যা ও একাধিক জটিল রোগে ভুগছিলেন। কারাগারে নিয়মিত চিকিৎসার ব্যবস্থা করা হলেও শেষ রক্ষা হয়নি।

উল্লেখ্য, গত ১৬ আগস্ট ঠাকুরগাঁও থানার পুলিশ তাকে আটক করে আদালতের মাধ্যমে ঠাকুরগাঁও জেলা কারাগারে পাঠায়। পরদিন ১৭ আগস্ট তাকে দিনাজপুর জেলা কারাগারে স্থানান্তর করা হয়। তিনি হত্যাসহ মোট তিনটি মামলায় কারাবন্দি ছিলেন।

রমেশ চন্দ্র সেন ১৯৪০ সালের ৩০ এপ্রিল ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার রুহিয়া ইউনিয়নের কশালগাঁও গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা ক্ষিতীন্দ্র মোহন সেন এবং মাতা বালাশ্বরী সেন। তিনি রংপুর কারমাইকেল কলেজে পড়াশোনা করেন।

দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হন। সর্বশেষ ২০২৪ সালে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি দলটির প্রেসিডিয়াম সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

২০২৪ সালে ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতনের পর রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন জাতীয় সংসদ বিলুপ্ত করলে তিনি সংসদ সদস্য পদ হারান।

সাবেক এই মন্ত্রীর মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। তার মৃত্যুতে পরিবার-পরিজন, আত্মীয়স্বজন ও রাজনৈতিক সহকর্মীরা গভীর শোক প্রকাশ করেছেন।


কোন মন্তব্য নেই:

অননুমোদিতভাবে কোনও বিষয়বস্তু অনুলিপি করা বা ব্যবহার করা কঠোরভাবে নিষিদ্ধ World Hindu Times All Rights Reserved |

World Hindu Times LTD

নাম

ইমেল *

বার্তা *

Blogger দ্বারা পরিচালিত.