পাবনার ভাঙ্গুড়ায় উদ্ধার বিষ্ণুর অর্ধভাঙা মূর্তি, প্রত্নতত্ত্ব বিভাগের তদন্তের অপেক্ষা
![]() |
| উদ্ধার হওয়া বিষ্ণু মূর্তির অংশ বিশেষ © সংগৃহীত |
স্টাফ রিপোর্টার, পাবনা:
পাবনার ভাঙ্গুড়া উপজেলার খানমরিচ ইউনিয়নের সুলতানপুর এলাকায় লাল দিঘির পূর্ব পাড় থেকে একটি বিষ্ণুর অর্ধভাঙা মূর্তি উদ্ধার করেছে ভাঙ্গুড়া থানা পুলিশ। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (২৮ মার্চ) মাটির ওপর পড়ে থাকা অবস্থায় অর্ধভাঙা মূর্তিটি প্রথমে স্থানীয়দের নজরে আসে। বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় তারা দ্রুত পুলিশকে খবর দেন। খবর পেয়ে ভাঙ্গুড়া থানা পুলিশ রাত সাড়ে ৯টার দিকে ঘটনাস্থলে পৌঁছে মূর্তিটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
পুলিশ জানায়, উদ্ধার হওয়া মূর্তিটির ওজন প্রায় ৯ কেজি ৬৪০ গ্রাম। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি কোনো প্রাচীন মূর্তি বা ঐতিহাসিক নিদর্শনের অংশ হতে পারে। তবে এর প্রকৃত বয়স ও গুরুত্ব নির্ধারণে বিস্তারিত পরীক্ষা-নিরীক্ষা প্রয়োজন।
ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মোস্তাফিজুর রহমান জানান, মূর্তিটি বর্তমানে থানার হেফাজতে রাখা হয়েছে এবং বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) অবহিত করা হয়েছে।
এ বিষয়ে ভারপ্রাপ্ত ইউএনও মিজানুর রহমান বলেন, প্রত্নতত্ত্ব বিভাগকে ইতোমধ্যে অবগত করা হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সুবিধাজনক সময়ে এসে মূর্তিটি তাদের হেফাজতে নেবে এবং প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন করবে।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে কৌতূহল বিরাজ করছে, পাশাপাশি মূর্তিটির ঐতিহাসিক গুরুত্ব নিয়েও চলছে নানা আলোচনা।




.png)

%20.png)

No comments: