নওগাঁর মহাদেবপুরে পুকুর খননের সময় প্রাচীন কষ্টিপাথরের রাধাকৃষ্ণ মূর্তি উদ্ধার
নওগাঁর মহাদেবপুরে পুকুর খননের সময় মাটির নিচ থেকে একটি প্রাচীন কষ্টিপাথরের রাধাকৃষ্ণ মূর্তি উদ্ধার হয়েছে। বুধবার (১৫ এপ্রিল) সকাল আনুমানিক ১১টার দিকে উপজেলার সাফাপুর ইউনিয়নের বিনোদপুর উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, গ্রামের বাসিন্দা মো. শহিদুল ইসলাম তার পুরাতন পুকুর পুনঃখননের কাজ শুরু করলে শ্রমিকরা মাটির নিচে শক্ত কিছু দেখতে পান। পরে খননকাজ চালিয়ে গেলে একটি মূর্তি বেরিয়ে আসে। খবরটি দ্রুত এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়রা ঘটনাস্থলে ভিড় জমান।
খবর পেয়ে মহাদেবপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মূর্তিটি উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, উদ্ধারকৃত মূর্তিটি কষ্টিপাথরের তৈরি রাধাকৃষ্ণের প্রতিকৃতি। মূর্তিটির ওজন প্রায় ৭ কেজি ৭০০ গ্রাম।
নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, উদ্ধার হওয়া মূর্তিটির গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক মূল্য থাকতে পারে। আদালতের নির্দেশনা অনুযায়ী মূর্তিটি প্রত্নতত্ত্ব অধিদপ্তরের অধীন কোনো জাদুঘরে হস্তান্তর করা হবে।
তিনি আরও জানান, মূর্তিটির প্রকৃত ইতিহাস, বয়স ও মূল্য নির্ধারণে সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের মাধ্যমে পরীক্ষা-নিরীক্ষা করা হবে।


কোন মন্তব্য নেই: