Advertisement

আপনার বিজ্ঞাপনটি দিতে ইমেইল করুন - worldhindutimesbd@gmail.com

শিরোনাম

$results={6} $label={recent}

আশাশুনিতে মজুরি চাওয়ায় নারী শ্রমিককে পিটিয়ে জখমের অভিযোগ, আতঙ্কে সংখ্যালঘু পরিবারগুলো

 

ষ্টাফ রিপোর্টার,

সাতক্ষীরার আশাশুনি উপজেলায় পাওনা মজুরি দাবি করায় এক নারী শ্রমিককে মারধরের অভিযোগ উঠেছে। গুরুতর আহত অবস্থায় তাকে আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বুধবার (১৫ এপ্রিল) বিকেল ৩টার দিকে উপজেলার কাদাকাটি ইউনিয়নের মোকামখালী গ্রামে এ ঘটনা ঘটে।


আহত অর্চনা সরকার (অবনী সরকারের স্ত্রী) অভিযোগ করে বলেন, গত বছর মাঘ মাসে কালাম সরদারের জমিতে ধান কাটার কাজ করে তিনি এক হাজার টাকা পাওনা হন। দীর্ঘ এক বছর ধরে বিভিন্ন অজুহাতে ওই টাকা পরিশোধ করা হয়নি। একইসঙ্গে কালাম সরদারের ছেলে রুবেল স্থানীয় একটি দোকান থেকে বাকিতে পণ্য নিয়ে তা শোধ করেননি।


অর্চনার দাবি, বুধবার দুপুর দেড়টার দিকে দোকানের পাওনা টাকা চাইলে রুবেল তাকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে এবং বাইরে বের হলে হাত-পা ভেঙে দেওয়ার হুমকি দেয়। এর জের ধরে বিকেলে সবুজ সরদারের বাড়ির সামনে পৌঁছালে কালাম সরদার, তার ছেলে রুবেল, ফয়সাল ও স্ত্রী ফিরোজা তাকে একা পেয়ে কিল-ঘুষি ও রাস্তার ইট দিয়ে বেধড়ক মারধর করে।


স্থানীয় বাসিন্দা বাবু সরদার তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার উদ্যোগ নিলে, অভিযোগ রয়েছে—পথেও হামলাকারীরা পুনরায় মারধর করে।


ভুক্তভোগী পরিবার অভিযোগ করে জানায়, থানায় অভিযোগ করলে তাদের ঘরবাড়ি পুড়িয়ে দেওয়ার এবং এলাকা ছাড়া করার হুমকি দেওয়া হচ্ছে। এতে তারা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।


নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক প্রত্যক্ষদর্শী জানান, অভিযুক্ত রুবেল ও তার পরিবারের বিরুদ্ধে এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। তাদের ভয়ে ওই এলাকার অন্তত ৩০টি হিন্দু পরিবার আতঙ্কে দিন কাটাচ্ছে।


এ ঘটনায় প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী পরিবার ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। তবে এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর বক্তব্য পাওয়া যায়নি।

কোন মন্তব্য নেই:

অননুমোদিতভাবে কোনও বিষয়বস্তু অনুলিপি করা বা ব্যবহার করা কঠোরভাবে নিষিদ্ধ World Hindu Times All Rights Reserved |

World Hindu Times LTD

নাম

ইমেল *

বার্তা *

Blogger দ্বারা পরিচালিত.