Advertisement

আপনার বিজ্ঞাপনটি দিতে ইমেইল করুন - worldhindutimesbd@gmail.com

শিরোনাম

$results={6} $label={recent}

মানিকগঞ্জে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার: ‘ওরা আমার স্বামীরে মাইরা ফ্যানের লগে ঝুলাইয়া রাখছে’

 

মানিকগঞ্জ সদর উপজেলার তরা বাজার ব্যবস্থাপনা কমিটির কার্যালয় থেকে কৃষ্ণ রাজবংশী (৩৫) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পরিবারের অভিযোগ, মাছ চুরির সন্দেহে আটকে রেখে কৃষ্ণকে বেদম মারধর করা হয় এবং ৪০ হাজার টাকা দাবি করা হয়। টাকা দিতে না পারায় তাঁকে হত্যা করে ফ্যানের সঙ্গে ঝুলিয়ে রাখা হয়েছে বলে দাবি স্বজনদের।

 

বৃহস্পতিবার (৮ মে) সকালে মানিকগঞ্জ পৌর এলাকার বান্দুটিয়া মাঝিপাড়া মহল্লার নিজ বাড়িতে গণমাধ্যমকর্মীদের কাছে এসব অভিযোগ করেন নিহতের স্ত্রী যমুনা রানী রাজবংশী। একই অভিযোগ করেছেন স্থানীয় কয়েকজন প্রতিবেশীও।

 

পরিবার সূত্রে জানা গেছে, বুধবার ভোরে বাড়ি থেকে বের হন কৃষ্ণ রাজবংশী। সকালে মাছ চুরির অভিযোগে তাঁকে এবং আরও একজনকে আটক করে তরা বাজার ব্যবস্থাপনা কমিটির লোকজন। পরে অন্যজনকে ছেড়ে দেওয়া হলেও কৃষ্ণকে কমিটির কার্যালয়ে আটকে রাখা হয়।

 

নিহতের স্ত্রী যমুনা রানী রাজবংশী বলেন,
“গতকাল সকাল সাড়ে ৯টার দিকে দুইজন লোক মোটরসাইকেলে করে বাড়িতে এসে বলে, ৪০ হাজার টাকা নিয়ে গেলে আমার স্বামীকে ছাড়বে। আমরা গরিব মানুষ, এত টাকা কোথায় পাব?”

তিনি আরও বলেন,


“আমি পরে বাজার কমিটির অফিসে গিয়েছিলাম। সেখানে গিয়ে দেখি আমার স্বামীকে মারধর করা হচ্ছে। আমি অনেক কান্নাকাটি করেছি, তাদের পায়ে ধরেছি। বলেছি, পুলিশে দেন, তবু মারবেন না। কিন্তু তারা কথা শোনেনি। ওরা আমার স্বামীরে মাইরা ফ্যানের লগে ঝুলাইয়া রাখছে। আমারে বিধবা করছে, আমার দুই পোলা-মেয়ারে এতিম করছে। আমি তাগো শাস্তি চাই।”

 

নিহত কৃষ্ণ রাজবংশী পৌর এলাকার বান্দুটিয়া মাঝিপাড়া মহল্লার ক্ষুদিরাম রাজবংশীর ছেলে। জীবিকার তাগিদে তিনি বিভিন্ন জলাশয়ে জাল টানা ও মাছ ধরার কাজ করতেন। মাঝে মধ্যে তরা বাজারে ট্রাক থেকে মাছ নামানোর কাজও করতেন। তাঁর এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

 

কৃষ্ণের মাসতুতো ভাই লালচান রাজবংশী অভিযোগ করেন, দাবিকৃত টাকা দিতে না পারায় কৃষ্ণকে মারধর করে হত্যা করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে বাজার ব্যবস্থাপনা কমিটির কার্যালয়ের ভেতরে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় কৃষ্ণের মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

 

স্থানীয়দের অভিযোগ, ঘটনার পর বাজার কমিটির কয়েকজন সদস্য মরদেহ সরিয়ে নেওয়ার চেষ্টা করেন। তবে এলাকাবাসীর বাধার মুখে তারা সরে যান।

এদিকে ঘটনার পর থেকেই তরা বাজার ব্যবস্থাপনা কমিটির সভাপতি মো. ইব্রাহিমসহ অভিযুক্ত কয়েকজন পলাতক রয়েছেন। অভিযোগের বিষয়ে তাঁর মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি।

 

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকরাম হোসেন বলেন, “ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে কয়েকজনের বিরুদ্ধে মামলা প্রস্তুত হচ্ছে।”

কোন মন্তব্য নেই:

অননুমোদিতভাবে কোনও বিষয়বস্তু অনুলিপি করা বা ব্যবহার করা কঠোরভাবে নিষিদ্ধ World Hindu Times All Rights Reserved |

World Hindu Times LTD

নাম

ইমেল *

বার্তা *

Blogger দ্বারা পরিচালিত.