শ্রীমঙ্গলে শাশ্বত বাসুদেব মন্দিরের শুভ উদ্বোধন
সত্যজিৎ দাস (মৌলভীবাজার):
ধর্মীয় ভাবগাম্ভীর্য,ভক্তি ও উৎসবমুখর পরিবেশে মৌলভীবাজারের শ্রীমঙ্গল শহরে নবনির্মিত শ্রীশ্রী শাশ্বত বাসুদেব মন্দির এবং শ্রীশ্রী বাসুদেবের বিগ্রহের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৭ জুন) শ্রীমঙ্গল শহরের কালীঘাট রোডে অবস্থিত শ্রীশ্রী রাজরাজেশ্বরী কালীবাড়ি প্রাঙ্গণে দিনব্যাপী এ উপলক্ষে ব্যাপক ধর্মীয় অনুষ্ঠানমালার আয়োজন করা হয়।
ভোর থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্তদের উপস্থিতিতে এক পবিত্র ও ভক্তিময় পরিবেশের সৃষ্টি হয়। গীতা পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। পরে শঙ্খধ্বনি, উলুধ্বনি ও মাঙ্গলিক ধ্বনির মধ্য দিয়ে শ্রীশ্রী বাসুদেব বিগ্রহের প্রাণপ্রতিষ্ঠা, পূজা-অর্চনা,মহাঅভিষেক, পুষ্পাঞ্জলি অর্পণ এবং মহাভোগ নিবেদনের আয়োজন সম্পন্ন করা হয়। ভক্তদের স্তোত্রপাঠ,কীর্তন ও প্রার্থনায় মুখরিত হয়ে ওঠে সমগ্র মন্দির প্রাঙ্গণ।
দিনব্যাপী ধর্মীয় কর্মসূচির অংশ হিসেবে আগত ভক্ত ও পূর্ণার্থীদের মাঝে মহাপ্রসাদ বিতরণ করা হয়। সন্ধ্যায় শত শত প্রদীপের আলোয় আলোকিত হয়ে ওঠে নবপ্রতিষ্ঠিত মন্দির। এ সময় প্রদীপ প্রজ্জ্বলন, সন্ধ্যা আরতি ও বিশেষ প্রার্থনায় অংশ নেন শতাধিক ভক্ত। রাতের আয়োজন ছিল হরিনাম সংকীর্তন ও হরিলুট। কীর্তনের সুমধুর সুর ও ভক্তিমূলক আবহে দিনব্যাপী ধর্মীয় উৎসবের সমাপ্তি ঘটে।
শ্বাশত পরিবারের সভাপতি অনুপ দত্ত জানান, শ্রীবাসুদেবের কৃপায় প্রতিষ্ঠিত এই মন্দির ভবিষ্যতে সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় চর্চা, আধ্যাত্মিক সাধনা ও মানবসেবার গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে গড়ে উঠবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শ্রীমঙ্গল পৌর শাখার সভাপতি সুমন রায়, সাধারণ সম্পাদক বিশ্বনাথ চৌধুরী ছোটন, শ্রীমঙ্গল সদর ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি অলক পালসহ সনাতন সমাজের নেতৃবৃন্দ, ভক্তবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শ্রীমঙ্গল পৌর শাখার সভাপতি সুমন রায় বলেন, “মন্দির শুধু পূজা-অর্চনার স্থান নয়, এটি মানবিক মূল্যবোধ, নৈতিক শিক্ষা ও সামাজিক সম্প্রীতির অন্যতম কেন্দ্র। শ্রীশ্রী শাশ্বত বাসুদেব মন্দির প্রতিষ্ঠার মাধ্যমে শ্রীমঙ্গলের ধর্মীয় ও সাংস্কৃতিক পরিমণ্ডল আরও সমৃদ্ধ হবে। এই মন্দির আগামী প্রজন্মকে ধর্মীয় চেতনা, সংস্কৃতি ও সেবাধর্মে উদ্বুদ্ধ করবে বলে আমি বিশ্বাস করি।”
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শ্রীমঙ্গল পৌর শাখার সাধারণ সম্পাদক বিশ্বনাথ চৌধুরী ছোটন বলেন, “শ্রীবাসুদেবের এই পবিত্র মন্দির প্রতিষ্ঠা সনাতন সমাজের জন্য অত্যন্ত আনন্দ ও গৌরবের বিষয়। এখানে নিয়মিত পূজা-অর্চনা, ধর্মীয় শিক্ষা, কীর্তন ও আধ্যাত্মিক চর্চার মাধ্যমে ভক্তদের মধ্যে ধর্মীয় মূল্যবোধ আরও সুদৃঢ় হবে। একই সঙ্গে এই মন্দির সকলের মধ্যে শান্তি, সৌহার্দ্য ও মানবকল্যাণের বার্তা ছড়িয়ে দেবে।”
অনুষ্ঠানে অংশগ্রহণকারী ভক্তরা বিশ্বশান্তি, মানবকল্যাণ এবং দেশ ও জাতির সার্বিক সুখ-সমৃদ্ধি কামনায় বিশেষ প্রার্থনা করেন।
মন্দির কর্তৃপক্ষ জানিয়েছে, প্রতিদিন সকাল ৮টা ৩০ মিনিট থেকে দুপুর ১১টা পর্যন্ত এবং সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত মন্দিরটি ভক্ত ও দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। নবপ্রতিষ্ঠিত শ্রীশ্রী শাশ্বত বাসুদেব মন্দির সনাতন ধর্মাবলম্বীদের ভক্তি, সাধনা ও সেবার এক পবিত্র তীর্থকেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত হবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেছেন।




.png)

%20.png)
No comments: