জুড়ীতে স্ত্রীকে হত্যার অভিযোগ,স্বামী পিন্টু'র আত্মসমর্পণ
সত্যজিৎ দাস
মৌলভীবাজার জেলা প্রতিনিধি,
মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলায় স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত স্বামী নিজেই থানায় গিয়ে আত্মসমর্পণ করেছেন বলে জানিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার (১৮ জুন) উপজেলার পূর্ব জুড়ী ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের নাম রিতা রুদ্র পাল (৩৩)। তিনি ওই গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, স্বামী-স্ত্রীর মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলছিল। ঘটনার দিন সকালে তাদের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এক পর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে স্ত্রীকে আঘাত করেন স্বামী পিন্টু রুদ্র পাল। এতে ঘটনাস্থলেই রিতা রুদ্র পালের মৃত্যু হয়।
ঘটনার পর পিন্টু রুদ্র পাল নিজেই থানায় গিয়ে আত্মসমর্পণ করেন। পরে পুলিশ তাকে হেফাজতে নেয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে। ময়নাতদন্তের জন্য মরদেহ মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।
পূর্ব জুড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রুহেল উদ্দিন বলেন, স্বামী-স্ত্রীর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। সেই বিরোধের জেরেই এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান,মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শুরু করা হয়েছে। এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং ঘটনার প্রকৃত কারণ তদন্ত করে দেখা হচ্ছে।




.png)

%20.png)
No comments: