যুক্তরাষ্ট্রে ধারাবাহিক গুলিবর্ষণ: নিহত ১, আহত ৪; আহতদের মধ্যে আর্জেন্টিনা সমর্থকদের উবার চালক
ওয়ার্ল্ড ডেস্ক: যুক্তরাষ্ট্রের মিসৌরি অঙ্গরাজ্যের কানসাস সিটিতে ধারাবাহিক গুলিবর্ষণের ঘটনায় একজন নিহত এবং অন্তত চারজন আহত হয়েছেন। আহতদের মধ্যে আর্জেন্টিনা ফুটবল দলের সমর্থকদের বহনকারী এক উবার চালকও রয়েছেন। এ ঘটনায় জড়িত সন্দেহভাজন ২২ বছর বয়সী এক ব্যক্তি এখনও পলাতক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
স্থানীয় সময় মঙ্গলবার (১৬ জুন) সন্ধ্যা ৬টা থেকে সাড়ে ৬টার মধ্যে শহরের প্রায় পাঁচ মাইলজুড়ে পাঁচটি পৃথক গুলিবর্ষণের ঘটনা ঘটে। এর মধ্যে তিনটি হামলা সংঘটিত হয় ইন্টারস্টেট-৭০ ও ইন্টারস্টেট-৬৭০ মহাসড়কে এবং বাকি দুটি শহরের প্রধান সড়ক ট্রুম্যান রোড এলাকায়।
পুলিশের তথ্যমতে, ঘটনাস্থলগুলো আর্জেন্টিনা ও আলজেরিয়ার ম্যাচ অনুষ্ঠিত হওয়া অ্যারোহেড স্টেডিয়াম থেকে অন্তত চার মাইল দূরে অবস্থিত ছিল।
আর্জেন্টিনার সংবাদমাধ্যম লা নাসিওন–কে দুই আর্জেন্টিনা সমর্থক জানান, তারা উবারে করে স্টেডিয়ামের দিকে যাওয়ার সময় একটি গাড়ি তাদের পাশ দিয়ে গিয়ে গুলি ছোড়ে। এতে উবার চালকের পায়ে গুলি লাগে। প্রথমে তারা গাড়ির টায়ার বিস্ফোরিত হয়েছে বলে মনে করলেও পরে চালকের আঘাত দেখে গুলির বিষয়টি বুঝতে পারেন।
ঘটনার পর পুলিশ তাদের থানায় নিয়ে জবানবন্দি গ্রহণ করে এবং পরে টহল গাড়িতে করে স্টেডিয়ামে পৌঁছে দেয়। আহত উবার চালকের অবস্থা বর্তমানে স্থিতিশীল এবং তিনি আশঙ্কামুক্ত বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
পুলিশ জানায়, মহাসড়কে সংঘটিত তিনটি গুলিবর্ষণের সময় সংশ্লিষ্ট সব গাড়িই পূর্বদিকে যাচ্ছিল। এ ঘটনায় তিনজন প্রাপ্তবয়স্ক ও এক কিশোর আহত হয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।
এদিকে, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ট্রুম্যান রোডে একটি গাড়ি খুঁটির সঙ্গে ধাক্কা খাওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে চালককে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকেরা তার শরীরে গুলির আঘাত শনাক্ত করেন। চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
কানসাস সিটি পুলিশের কর্মকর্তা জ্যাকব বেকিনা বলেন, ভুক্তভোগীদের প্রত্যেকেই জানিয়েছেন যে তারা সড়ক বা মহাসড়কে গাড়ি চালানোর সময় তাদের লক্ষ্য করে গুলি ছোড়া হয়েছিল।
তদন্তকারীদের ধারণা, অল্প সময়ের ব্যবধানে সংঘটিত এসব গুলিবর্ষণের পেছনে একই ব্যক্তির সংশ্লিষ্টতা রয়েছে। পরে শহরতলি ইনডিপেনডেন্সের একটি বাড়িতে সন্দেহভাজনের অবস্থান শনাক্ত করে অভিযান চালানো হলেও বুধবার সকাল পর্যন্ত তাকে আটক করা সম্ভব হয়নি।
পুলিশ আরও জানিয়েছে, ১১ জুনের একটি অবৈধ অস্ত্র ব্যবহারের মামলায়ও ওই সন্দেহভাজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা রয়েছে। তাকে সশস্ত্র ও অত্যন্ত বিপজ্জনক হিসেবে বিবেচনা করা হচ্ছে।




.png)

%20.png)
No comments: