আফগানিস্তানের ভয়াবহ বন্যায় নিহত অন্তত ২০, পাশে দাঁড়াল ভারত; পাঠানো হলো ত্রাণসামগ্রী
![]() |
| ছবি সংগৃহীত |
নুরিস্তানে আকস্মিক বন্যায় শতাধিক নিখোঁজ, খাদ্যসামগ্রী ও পারিবারিক তাঁবুসহ জরুরি সহায়তা দিল ভারত
আর্ন্তজাতিক প্রতিনিধি: আফগানিস্তানের নুরিস্তান প্রদেশে ভয়াবহ বন্যায় ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। এমন দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়ে মানবিক সহায়তার অংশ হিসেবে খাদ্যসামগ্রী, পারিবারিক তাঁবুসহ জরুরি ত্রাণসামগ্রী পাঠিয়েছে ভারত।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আফগানিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের কাছে এসব ত্রাণসামগ্রী হস্তান্তর করা হয়েছে।
সংবাদ সংস্থা খামা প্রেস জানায়, উত্তর-পূর্বাঞ্চলীয় নুরিস্তান প্রদেশের রাজধানী পারুন ও আশপাশের জেলাগুলোতে টানা ভারি বৃষ্টিপাতের ফলে আকস্মিক বন্যার সৃষ্টি হয়। এতে এখন পর্যন্ত অন্তত ২০ জন নিহত, প্রায় ৮০ জন আহত এবং ১০০ জনেরও বেশি মানুষ নিখোঁজ রয়েছেন।
তালিবান-শাসিত জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের কর্মকর্তা হাফিজ মোহাম্মদ ইউসুফ হামাদ জানিয়েছেন, নিখোঁজদের সন্ধান এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে বিশেষায়িত জরুরি উদ্ধার ইউনিট কাজ করছে।
বন্যায় অসংখ্য ঘরবাড়ি, দোকানপাট ও কৃষিজমি ধ্বংস হয়ে স্থানীয় বাসিন্দারা বড় ধরনের অর্থনৈতিক ক্ষতির মুখে পড়েছেন। দুর্গম এলাকাগুলোতে কাদা ও ধ্বংসস্তূপের কারণে উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে কর্তৃপক্ষ।
এদিকে, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এই কঠিন সময়ে আফগান জনগণের পাশে দাঁড়ানো এবং জরুরি মানবিক সহায়তা নিশ্চিত করতেই ত্রাণসামগ্রী পাঠানো হয়েছে।



কোন মন্তব্য নেই: