চেক জালিয়াতি মামলায় হরিদাস চন্দ্র তরণী দাসের এক বছরের কারাদণ্ড কার্যকর

ময়মনসিংহ প্রতিনিধি: চেক জালিয়াতির মামলায় গাইবান্ধার পলাশবাড়ীর আলোচিত ব্যক্তি শ্রী হরিদাস চন্দ্র তরণী দাস এর বিরুদ্ধে পূর্বে ঘোষিত এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও এক লাখ টাকা অর্থদণ্ডের রায় কার্যকর করেছেন ময়মনসিংহ জেলা ও দায়রা জজ আদালতের অর্থঋণ আদালত-৪।
মঙ্গলবার (২১ জুলাই) সকালে তাকে আদালতে হাজির করা হলে বিচারক ফারহানা আরজু মামলার নথিপত্র পর্যালোচনা শেষে পূর্বে ঘোষিত সাজা কার্যকরের নির্দেশ দেন।
বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আনোয়ার আজিজ টুটুল।
আদালত সূত্রে জানা যায়, ময়মনসিংহ সদর থানায় দায়ের হওয়া একটি চেক জালিয়াতির মামলার বিচার শেষে ২০২৫ সালের ১২ ফেব্রুয়ারি হরিদাস চন্দ্রকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড, এক লাখ টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও কারাদণ্ডের রায় দেওয়া হয়। তবে রায় ঘোষণার পর দীর্ঘদিন তিনি পলাতক থাকায় সাজা কার্যকর করা সম্ভব হয়নি।
সম্প্রতি গ্রেফতারের পর মঙ্গলবার তাকে আদালতে হাজির করা হলে বিচারক পূর্বের রায় কার্যকরের নির্দেশ দেন।
হরিদাস চন্দ্রকে আদালতে হাজির করাকে কেন্দ্র করে মঙ্গলবার সকাল থেকেই আদালত প্রাঙ্গণে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। গোয়েন্দা সংস্থার নজরদারির পাশাপাশি অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়। শুনানিকালে রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের আইনজীবীরা নিজ নিজ বক্তব্য উপস্থাপন করেন।
আদালত ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চেক জালিয়াতির মামলার বাইরে হরিদাস চন্দ্রের বিরুদ্ধে ময়মনসিংহের ফুলবাড়ীয়া থানাসহ বিভিন্ন স্থানে প্রতারণার অভিযোগে আরও একাধিক মামলা রয়েছে।
ফুলবাড়ীয়া উপজেলার জোড়বাড়াইয়া গ্রামের বাসিন্দা মজিবুর রহমান অভিযোগ করেন, সরকারি চাকরির প্রলোভন দেখিয়ে হরিদাস চন্দ্র তার কাছ থেকে ধাপে ধাপে প্রায় ১২ লাখ টাকা নিয়েছিলেন। তবে প্রতিশ্রুত চাকরি না দিয়ে দীর্ঘদিন ধরে সময়ক্ষেপণ করা হয়।
তিনি বলেন, “আমি একা নই, আমাদের এলাকার আরও অনেক মানুষ চাকরি ও বিভিন্ন সুযোগ-সুবিধার আশ্বাসে তার কাছে লাখ লাখ টাকা দিয়েছেন। আমরা এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।”
এর আগে গত ১২ জুলাই রাতে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) মানি লন্ডারিং প্রতিরোধ আইনে ঢাকার উত্তরা পশ্চিম থানায় দায়ের করা একটি মামলায় হরিদাস চন্দ্রকে গ্রেফতার করে।
উল্লেখ্য, সম্প্রতি গাইবান্ধার পলাশবাড়ীতে ৮২ ফুট উচ্চতার রামমূর্তি নির্মাণ উদ্যোগসহ বিভিন্ন কর্মকাণ্ডকে কেন্দ্র করে হরিদাস চন্দ্র আলোচনায় আসেন।


কোন মন্তব্য নেই: