১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম কমল ৩৫৭ টাকা, নতুন মূল্য ১,৫২৮ টাকা
ভোক্তাপর্যায়ে বেসরকারি খাতের তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) এর দাম আবারও কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন ঘোষণায় প্রতি কেজি এলপিজির দাম ২৯ টাকা ৭৬ পয়সা কমানো হয়েছে। ফলে সবচেয়ে বেশি ব্যবহৃত ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৩৫৭ টাকা কমে ১ হাজার ৫২৮ টাকায় নির্ধারিত হয়েছে।
বৃহস্পতিবার (২ জুলাই) বিইআরসি নতুন এ মূল্য ঘোষণা করে। কমিশনের তথ্য অনুযায়ী, নতুন মূল্য একই দিন সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হয়েছে।
এর আগে গত মাসেও এলপিজির দাম ৫৫ টাকা কমানো হয়েছিল। বিইআরসি জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে এলপিজির মূল্য হ্রাস পাওয়ায় দেশের বাজারেও দাম সমন্বয় করা হয়েছে। বিশেষ করে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ার পর বিশ্ববাজারে এলপিজির দাম কমতে শুরু করেছে।
নতুন ঘোষণায় প্রতি কেজি এলপিজির মূল্য নির্ধারণ করা হয়েছে ১২৭ টাকা ৩০ পয়সা, যা আগে ছিল ১৫৭ টাকা ৬ পয়সা। এর ফলে বিভিন্ন আকারের সিলিন্ডারের দামও অনুপাতে কমবে।
তবে দীর্ঘদিন ধরে ভোক্তাদের পক্ষ থেকে অভিযোগ রয়েছে যে বাজারে অনেক ক্ষেত্রে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপিজি বিক্রি করা হয়। বিশেষ করে গৃহস্থালিতে বহুল ব্যবহৃত ১২ কেজি সিলিন্ডারের ক্ষেত্রে অতিরিক্ত মূল্য আদায়ের অভিযোগ প্রায়ই উঠে আসে।
এদিকে সরকারি কোম্পানির সরবরাহ করা ১২ দশমিক ৫ কেজি এলপিজি সিলিন্ডারের মূল্য ৮২৫ টাকা অপরিবর্তিত রাখা হয়েছে। এছাড়া যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের নতুন মূল্য প্রতি লিটার ৭০ টাকা ৪০ পয়সা নির্ধারণ করা হয়েছে, যা আগে ছিল ৮৬ টাকা ৯৩ পয়সা।
উল্লেখ্য, ২০২১ সালের এপ্রিল থেকে বিইআরসি আন্তর্জাতিক বাজারের মূল্য পরিস্থিতি বিবেচনা করে প্রতি মাসে এলপিজির দাম সমন্বয় করে আসছে। আন্তর্জাতিক বাজারে প্রোপেন ও বিউটেনের মূল্য, সৌদি আরামকোর ঘোষিত ‘সৌদি সিপি’ এবং ডলার বিনিময় হারসহ বিভিন্ন বিষয় বিবেচনায় নিয়ে দেশে এলপিজির নতুন মূল্য নির্ধারণ করা হয়।



কোন মন্তব্য নেই: