বন্যার্ত মানুষের পাশে ‘রাম সেবক’, ত্রাণ ও খাবার বিতরণ
নিজস্ব প্রতিবেদক: দক্ষিণ চট্টগ্রামের সাম্প্রতিক বন্যায় পানিবন্দি ও দুর্ভোগে পড়া মানুষের পাশে দাঁড়িয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘রাম সেবক’। মানবিক এই উদ্যোগের অংশ হিসেবে দুর্গত এলাকার ২০০ জন মানুষের জন্য একবেলার প্রস্তুত খাবার বিতরণ করা হয়েছে। পাশাপাশি ৫০টি পরিবারের মাঝে শুকনো খাবার, প্রয়োজনীয় ওষুধ এবং অন্যান্য জরুরি ত্রাণসামগ্রী পৌঁছে দেওয়া হয়।
সংগঠনের স্বেচ্ছাসেবকরা দুর্গম ও কাদাময় পথ অতিক্রম করে বন্যাকবলিত এলাকায় গিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর হাতে ত্রাণ তুলে দেন। বন্যায় বিপর্যস্ত মানুষের কষ্ট কিছুটা লাঘব করতেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে সংগঠনটি।
এ মানবিক কার্যক্রম সফল করতে যারা নিরলস পরিশ্রম করেছেন, সেই সকল সেবক-সেবিকা, দিকনির্দেশনা প্রদানকারী উপদেষ্টা মণ্ডলী এবং শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে ‘রাম সেবক’। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, সকলের আন্তরিকতা, সহযোগিতা ও নিঃস্বার্থ ভালোবাসার কারণেই এই ত্রাণ কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে।
এছাড়া বিশেষভাবে কৃতজ্ঞতা জানানো হয়েছে ‘রাম সেবক রথযাত্রা পরিচালনা পরিষদ’-কে। পরিষদের পক্ষ থেকে রথযাত্রার বাজেটের একটি অংশ ত্রাণ তহবিলে প্রদান করা হয়, যা বন্যাদুর্গত মানুষের সহায়তায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তাদের এই উদ্যোগের ফলে অসহায় মানুষের মুখে স্বস্তির হাসি ফুটেছে বলে জানিয়েছে সংগঠনটি।
স্থানীয়দের মতে, দুর্যোগের এই কঠিন সময়ে এমন মানবিক উদ্যোগ সমাজে সহমর্মিতা ও সেবার উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।



কোন মন্তব্য নেই: