কক্সবাজারে নয়ন সাধু হত্যার প্রতিবাদে বিক্ষোভ, দ্রুত গ্রেফতারের দাবি
কক্সবাজারের খুরুশকুলে নয়ন সাধুকে নৃশংসভাবে হত্যার ঘটনায় ক্ষোভ ও উদ্বেগে ফুঁসে উঠেছে স্থানীয় সনাতনী সম্প্রদায়। এ হত্যাকাণ্ডের প্রতিবাদে কক্সবাজার সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ, মানববন্ধন ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেয় কক্সবাজার জেলা পূজা উদযাপন পরিষদ, পৌর পূজা উদযাপন পরিষদ, বাংলাদেশ যুব ঐক্য পরিষদ কক্সবাজার জেলা, চয়েস ক্লাবসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা। মানববন্ধনে বিপুল সংখ্যক মানুষ অংশগ্রহণ করে হত্যার বিচার দাবিতে সোচ্চার হন।
সমাবেশে বক্তারা বলেন, ঘটনার ৪৮ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত কোনো আসামিকে গ্রেফতার করা হয়নি, যা অত্যন্ত উদ্বেগজনক। তারা অভিযোগ করেন, হত্যাকাণ্ডের মতো গুরুতর ঘটনায় দ্রুত পদক্ষেপ না নেওয়ায় জনমনে অসন্তোষ সৃষ্টি হচ্ছে।
বক্তারা আরও বলেন, নয়ন সাধুকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে এবং এই ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে হবে। অন্যথায় কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দেন তারা।
মানববন্ধন থেকে প্রশাসনের প্রতি জোর দাবি জানানো হয়—অতিদ্রুত প্রকৃত আসামিদের শনাক্ত করে গ্রেফতার করতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নিশ্চিত করতে হবে।
এ বিষয়ে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।


কোন মন্তব্য নেই: